
কলকাতা, ৫ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরের সময় উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত জনসভা ও রোড শো-তে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ধামি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন এবং অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতির কারণে উন্নয়নের গতি থমকে গিয়েছে। তিনি বলেন, রাজ্যে যুবকদের কর্মবীর বানানোর পরিবর্তে 'ভাতাবীর' বানানো হচ্ছে, যা তাঁদের ভবিষ্যতের প্রতি ঘোর অবিচার।
মুখ্যমন্ত্রী ধামি দাবি করেন, পশ্চিমবঙ্গ বর্তমানে ঋণের জালে জর্জরিত এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। তাঁর মতে, রাজ্যে নারীশক্তি নিজেদের অসুরক্ষিত মনে করছে এবং সরকারি কর্মচারীরা তাঁদের নায্য অধিকার ও মহার্ঘ ভাতা (ডিএ) থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, রাজ্যে হাজার হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় বিপর্যয়। এর পাশাপাশি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য এক গুরুতর বিষয় হলেও রাজ্য সরকারের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক।
ধামি আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অরাজকতা শেষ হবে এবং সুশাসন ও নিরাপত্তার এক নতুন অধ্যায় শুরু হবে। তিনি আরও বলেন, বিজেপির কাছে 'রাষ্ট্র প্রথম'—এই নীতিই সর্বাগ্রে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা, ধর্মান্তর বিরোধী কঠোর আইন এবং অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন যে, একমাত্র শক্তিশালী ও নির্ণায়ক নেতৃত্বই উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি