
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.) : রাশিয়ার তেল কেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্টের রাজস্বসচিব স্কট বেসান্ত-এর মন্তব্যকে ঘিরে কেন্দ্রের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। তাঁদের দাবি, এ ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব বর্তমানে চাপে পড়েছে। তাঁর অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রে ‘অনুমতি দেওয়া’র ভাষা ব্যবহার করেছে, যা সাধারণত নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলির জন্য ব্যবহৃত হয়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের বৈদেশিক নীতি দেশের জনগণের সম্মিলিত ইচ্ছা থেকে নির্ধারিত হওয়া উচিত এবং তা সত্য ও অহিংসার নীতির উপর ভিত্তি করে হওয়া প্রয়োজন। এছাড়া কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেনুগোপাল বলেন, তেল কেনার জন্য অন্য দেশের অনুমতির প্রসঙ্গ ওঠা ভারতের আন্তর্জাতিক মর্যাদার জন্য অসম্মানজনক। তাঁর মতে, জাতীয় স্বার্থে স্বাধীন অবস্থান বজায় রাখা উচিত।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্টের রাজস্বসচিব স্কট বেসান্ত এক বিবৃতিতে জানান, মার্কিন প্রশাসন বিশ্ব বাজারে তেলের সরবরাহ বজায় রাখতে ভারতীয় তেল পরিশোধন সংস্থাগুলিকে রুশ তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের অস্থায়ী ছাড় দিয়েছে। তাঁর দাবি, এই ব্যবস্থা স্বল্পমেয়াদি এবং ইতিমধ্যে সমুদ্রে আটকে থাকা তেল সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য