
পাটনা, ৬ মার্চ (হি.স.) : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষায় অল ইন্ডিয়া চতুর্থ স্থান অর্জন করে বিহারের মুজাফফরপুর জেলার রাঘব ঝুনঝুনওয়ালা নজির গড়েছেন। তাঁর এই সাফল্যে পরিবারসহ গোটা শহরে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ফল প্রকাশের পর থেকেই সারেয়াগঞ্জে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমাচ্ছেন আত্মীয়-পরিজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা।
মুজাফফরপুর শহরের সরাইয়াগঞ্জ এলাকার বাসিন্দা রাঘবের প্রাথমিক শিক্ষা শহরের দিল্লি পাবলিক স্কুলে ( ডিপিএস )। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রাঘব পরে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে যান। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শুক্রবার পরিবার সূত্রে জানা গেছে, রাঘবের বাবা বিদেশে কর্মরত। পরিবারের ধারাবাহিক সমর্থন ও নিজের কঠোর পরিশ্রমের জোরেই তিনি দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় সাফল্য পেয়েছেন।
রাঘব জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে ধারাবাহিকতা, শৃঙ্খলা ও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, লক্ষ্য স্পষ্ট থাকলে এবং নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে ছোট শহর থেকেও দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব।
রাঘবের এই সাফল্যে মুজাফফরপুর জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, তাঁর এই কৃতিত্ব বিহারের গৌরব আরও বাড়িয়ে দিল।
প্রসঙ্গত , গত বছর আগস্টে সিএসই-র মেন পরীক্ষার আয়োজন করা হয়েছিল সারা দেশে। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত ধাপের ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসই)-র ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুক্রবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হল পরীক্ষার ফলাফল।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য