শিক্ষা ও দক্ষতা উন্নয়নে জোর, শনিবার বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): “সবকা সাথ, সবকা বিকাশ—মানুষের আকাঙ্ক্ষা পূরণ: শিক্ষা, দক্ষতা এবং ইউনিভার্সিটি টাউনশিপ” শীর্ষক বাজেট পরবর্তী এক ওয়েবিনারে শনিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধান উদ্যোগগুলি নিয়
পরবর্তী ওয়েবিনার


নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): “সবকা সাথ, সবকা বিকাশ—মানুষের আকাঙ্ক্ষা পূরণ: শিক্ষা, দক্ষতা এবং ইউনিভার্সিটি টাউনশিপ” শীর্ষক বাজেট পরবর্তী এক ওয়েবিনারে শনিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধান উদ্যোগগুলি নিয়ে আলোচনা এবং সেগুলির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যেই এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং উচ্চশিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নীতিনির্ধারক, শিল্প প্রতিনিধি, শিক্ষাবিদ, স্টার্টআপ উদ্যোক্তা এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। ভারতের শিক্ষা ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতিকে (ক্রিয়েটর ইকোনমি) শক্তিশালী করার উপায় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অধিবেশন শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন। এই অধিবেশনে তিনি এভিজিসি (অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস) এবং ক্রিয়েটর ইকোনমি সংক্রান্ত বাজেট প্রস্তাবনা নিয়ে আলোচনা করবেন। এরপর দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত “স্কুল ও কলেজে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব” বিষয়ে একটি বিশেষ টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জজু বক্তব্য রাখবেন।

ওয়েবিনারের সমাপ্তি অধিবেশন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। সেখানে সারাদিনের আলোচনার নির্যাস তুলে ধরা হবে। বিকেল ৫টা ২৫ মিনিটে এই অধিবেশনে বিশেষ ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প সংগঠন, স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর এবং ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট পেশাদাররা এই ওয়েবিনারে যোগ দিতে পারবেন। পুরো অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande