
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): শুক্রবার ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অধিকার করলেন রাজস্থানের তরুণ অনুজ অগ্নিহোত্রী। তাঁর বাড়ি রাজস্থানের চিত্তৌড়গড় জেলার রাওয়তভাটা শহরে। কোটা থেকে অনতিদূরেই এই শহর।
ছোট শহরের সাধারণ পরিবেশেই বড় হয়েছেন তিনি। কিন্তু পড়াশোনায় অসাধারণ মেধার পরিচয় দিয়ে অনুজ বরাবরই ছিলেন অগ্রে।
অ্যাটোমিক এনার্জি স্কুল থেকে দশম শ্রেণি পাশ করেন। তার পর কোটা শহরের এমবি পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি সম্পূর্ণ করেন। স্কুলের পর অনুজ চিকিৎসা শিক্ষায় সুযোগ পান। তিনি ভর্তি হন দেশের অন্যতম সেরা মেডিক্যাল প্রতিষ্ঠান এইমস জোধপুরে।
সেখান থেকে এমবিবিএস পাশ করেন। ২০২৩ সালে বাধ্যতামূলক ইন্টার্নশিপও শেষ করেন। চিকিৎসক হিসেবে উজ্জ্বল ভবিষ্যৎ থাকা সত্ত্বেও তিনি অন্য পথ বেছে নেন। প্রশাসনের মাধ্যমে বৃহত্তর সমাজে কাজ করার স্বপ্ন থেকেই তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।
দিল্লির একটি সিভিল সার্ভিস কোচিং প্রতিষ্ঠানের মহড়া সাক্ষাৎকারে অনুজ বলেছিলেন, চিকিৎসা পেশা নিঃসন্দেহে সম্মানজনক এবং তৃপ্তিদায়ক। কিন্তু সিভিল সার্ভিসের ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত এবং গতিশীল। প্রশাসনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে কাজ করার সুযোগ তাঁকে আকৃষ্ট করে।
বহু বছরের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই অনুজকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত