মার্চের শুরুতেই রাজস্থানে গরমের দাপট, বহু শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার
জয়পুর, ৬ মার্চ (হি. স.) : মার্চের শুরুতেই রাজস্থানে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাজ্যের ১৫টিরও বেশি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। ভিলওয়ারা, আলওয়ার, পিলানি এবং কোটা-সহ একাধিক শহরে তাপমাত্রা
মার্চের শুরুতেই রাজস্থানে গরমের দাপট, বহু শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার


জয়পুর, ৬ মার্চ (হি. স.) : মার্চের শুরুতেই রাজস্থানে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাজ্যের ১৫টিরও বেশি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। ভিলওয়ারা, আলওয়ার, পিলানি এবং কোটা-সহ একাধিক শহরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে।

জয়পুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , আগামী দুই সপ্তাহে রাজ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। এর ফলে গরমের প্রকোপ যেমন বাড়বে, তেমনই কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। আগামী এক সপ্তাহ রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে এবং চড়া রোদ উঠবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার ছিল। উদয়পুর, শ্রীগঙ্গানগর, পিলানি, ফলোদি, কোটা, যোধপুর, জয়সলমের, চুরু, চিতোরগড়, বিকানের ও বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, বিকানের, হনুমানগড়, জয়পুর, জালোর, যোধপুর ও ফলোদি ছাড়া রাজ্যের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। আলওয়ার, বরান, ভিলওয়ারা, কারাউলি এবং সিরোহিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।

শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিম রাজস্থানের জেলাগুলিতে দিনের বেলায় হালকা গরম হাওয়া বইতে পারে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত-এর প্রভাবে আগামী ৮ থেকে ১০ মার্চের মধ্যে রাজ্যের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande