
কলকাতা, ৬ মার্চ (হি. স.) : ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সৃষ্ট অস্থিরতা বর্তমানে এক নতুন স্বাভাবিকতায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার কলকাতায় আয়োজিত ‘সাগর সংকল্প’ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভূমি, সমুদ্র ও আকাশপথের পাশাপাশি মহাকাশেও ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা গভীর উদ্বেগের বিষয়।” বিশেষ করে আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কথা উল্লেখ করে তিনি জানান, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলছে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলে কোনও ধরনের বিঘ্ন ঘটলে তার সরাসরি প্রভাব পড়ে সারা বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের ওপর। রাজনাথ সিংয়ের মতে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি অস্বাভাবিক এবং এই সংকট ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা এখনই বলা কঠিন। তবে এই অনিশ্চয়তার মধ্যেও ভারত সামুদ্রিক ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালনে সক্ষম বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
বৈশ্বিক অনিশ্চয়তার এই যুগে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন বজায় রাখার একমাত্র পথ হিসেবে ‘আত্মনির্ভরতা’-র ওপর জোর দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উচ্চমানের ও নিখুঁত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং আত্মনির্ভরতার পথে প্রতিরক্ষা খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ভারতকে জাহাজ নির্মাণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা।
রাজনাথ সিং পরিশেষে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সমুদ্র আবারও ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রে চলে এসেছে। তাই একটি প্রধান সামুদ্রিক রাষ্ট্র হিসেবে ভারতকে স্পষ্ট দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি