১৩ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ভাবনাচিন্তা, অন্ধ্র বিধানসভায় মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ৬ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশ সরকার ১৩ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, আগামী ৯০ দিনের মধ্যে এই সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নেওয়
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু


অমরাবতী, ৬ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশ সরকার ১৩ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, আগামী ৯০ দিনের মধ্যে এই সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নেওয়া হতে পারে। শুক্রবার অন্ধ্র বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের উপর সমাজমাধ্যমের সম্ভাব্য নেতিবাচক প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও শিক্ষা দফতরের মন্ত্রী নারা লোকেশের প্রস্তাবের ভিত্তিতে বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী নাইডু বলেন, “আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে আগামী ৯০ দিনের মধ্যে ১৩ বছরের কম বয়সি শিশুরা সমাজমাধ্যম ব্যবহার করতে না পারে।” তবে সেটি ১৩ নাকি ১৬ বছর করা হবে, তা নিয়ে সরকার আলোচনা করছে। বিষয়টি নিয়ে পরামর্শ ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সরকারের মতে, অল্প বয়সে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্য, আচরণ এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের সামগ্রিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এদিনই প্রতিবেশী কর্ণাটক সরকারও ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অন্ধ্রপ্রদেশ আগে থেকেই তরুণ প্রজন্মকে সমাজমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে রক্ষার জন্য অনুরূপ পদক্ষেপের প্রস্তাব দিয়েছিল। কখনও কখনও ভাল বিষয় দ্রুত ছড়িয়ে পড়ে। এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের (অন্ধ্রপ্রদেশ) সাফল্য কামনা করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande