
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.) : স্বচ্ছ ভারত মিশন–আরবান ২.০ প্রকল্পের আওতায় কেরলের তিরুঅনন্তপুরমে নর্দমা পরিষ্কারে ব্যবহার করা হচ্ছে এআই-চালিত ‘জি-স্পাইডার’ রোবট। এই রোবট মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই বিপজ্জনক ও দুর্গম এলাকায় নিরাপদে আবর্জনা অপসারণ করতে সক্ষম।
কেন্দ্রীয় নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, তিরুঅনন্তপুরম রেলস্টেশনের কাছে অবস্থিত আম্মাইঝাঞ্চন খালের একটি অংশ দীর্ঘদিন ধরেই পরিষ্কারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কম উচ্চতা, অবিরাম জলপ্রবাহ এবং নিরাপদ প্রবেশপথের অভাবে প্রচলিত পদ্ধতিতে সেখানে পরিষ্কার করার কাজ দুষ্কর ছিল। এই সমস্যা সমাধানে মন্ত্রী এম.বি. রাজেশ ‘জি-স্পাইডার’ রোবটটির উদ্বোধন করেন।
এই উদ্যোগটি তিরুঅনন্তপুরম পুরনিগম ও টেকনোপার্ক ভিত্তিক জেনরোবোটিক ইনোভেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। আধিকারিকদের মতে, এই প্রযুক্তির ফলে সাফাইকর্মীদের আর বিপজ্জনক ও অস্বাস্থ্যকর পরিবেশে নেমে কাজ করতে হবে না। এআই-ভিত্তিক ভিশন ও সেন্সর প্রযুক্তিসম্পন্ন রোবটটি খালে জমে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা শনাক্ত করে তা নিরাপদে অপসারণ করতে পারে বলেও জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য