
আজমের, ৬ মার্চ (হি. স.) : রাজস্থানের আজমেরে শুক্রবার ভোরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিয়েবাড়িতে যাওয়া একটি স্লিপার বাস উল্টে গিয়ে বাসচালকের মৃত্যু হয়েছে। ঘটনায় পাত্রীর পরিবারের ২০ জনের বেশি আত্মীয় আহত হয়েছেন। সকলকে চিকিৎসার জন্য জওহরলাল নেহরু (জেএলএন) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি আহমেদাবাদ থেকে সিকার যাচ্ছিল। শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ আদর্শ নগর থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং পরে উল্টে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জোর ধাক্কায় ঘুম ভেঙে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। দুর্ঘটনার পর বাসের ভিতরে কয়েকজন যাত্রী আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের বাসের বাইরে বের করে আনেন। আহতদের মাথা ও মুখে গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আহমেদাবাদের বাসিন্দা বাসচালক বিজয় সিং (৫৫) ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চালক হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অথবা ঘুমিয়ে পড়ার কারণে বাসের নিয়ন্ত্রণ হারান। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আদর্শ নগর থানার পুলিশ বাসটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য