

ভোপাল, ৭ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের কাটনি মুদোয়ারা স্টেশনের কাছে শনিবার কয়লাবোঝাই একটি পণ্যবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে রেললাইনের ক্ষতি হওয়ায় কাটনি-বিলাসপুর এবং কাটনি-শাহদোল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, বিলাসপুর থেকে কয়লা নিয়ে একটি মালগাড়ি গুজরাটের ভাদোদরার উদ্দেশে যাচ্ছিল। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ এনকেজে (নিউ কাটনি জংশন) থেকে কাটনি মুদোয়ারার দিকে যাওয়ার সময় বাবা ঘাটের কাছে একটি কেবিনের সামনে আচমকা বিকট শব্দে একের পর এক পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং কয়লা রেললাইনের উপর ছড়িয়ে পড়ে।
লোকো পাইলট দ্রুত ট্রেনটি থামিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে লাইনচ্যুত বগিগুলি সরিয়ে রেললাইন মেরামতের কাজ চলছে।
এই দুর্ঘটনার ফলে বিলাসপুর–বিনা সেকশনের কাটনি হয়ে চলাচল করা একাধিক আপ ও ডাউন যাত্রিবাহী ট্রেন প্রভাবিত হয়েছে। কয়েকটি ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ট্রেন সাময়িকভাবে আটকে রাখা হয়েছে।
জব্বলপুর ডিআরএম কামাল তালরেজা-সহ রেলের একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। কাটনির এরিয়া ম্যানেজার (রেল) রোহিত সিং জানিয়েছেন, নিউ কাটনি জংশনের এ-কেবিনের কাছে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। কাটনির এআরটি দল এবং জব্বলপুর থেকে আসা উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার ও মেরামতির কাজ করছে।
লাইনচ্যুত বগিগুলি কেটে আলাদা করা এবং লাইনে ছড়িয়ে পড়া কয়লা সরানোর কাজ চলছে। শ্রমিক ও যন্ত্রের সাহায্যে বগিতে থাকা কয়লাও খালি করা হচ্ছে, যাতে দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য