
বাঁকুড়া, ৬ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া জেলায় প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করল রাজ্য সরকার। জেলা শাসক সিয়াদ এন-কে বদলি করে নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে অনীশ দাশগুপ্ত-কে। নবান্ন থেকে ৬ মার্চ প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমান জেলাশাসক সিয়াদ এন-কে উত্তর ২৪ পরগণা জেলার জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অনীশ দাশগুপ্ত। তিনি ২০১৬ ব্যাচের আইএএস অফিসার। বিদায়ী জেলাশাসক সিয়াদ এন ২০১৪ ব্যাচের আইএএস অফিসার।
অনীশ দাশগুপ্ত এর আগে নদিয়া জেলার জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে বাঁকুড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এর আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও কাজ করেছেন। এই বদলিকে নির্বাচনকে সামনে রেখে রুটিন প্রশাসনিক রদবদল হিসেবেই দেখা হচ্ছে। বিদায়ী জেলাশাসক সিয়াদ এন জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। প্রশাসনিক কাজ, উৎসব এবং বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচিতেও তাঁকে প্রায়ই দেখা গিয়েছে।
এদিকে বিধানসভা নির্বাচনের আগে জেলা প্রশাসনে এই পরিবর্তনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন জেলাশাসক অনীশ দাশগুপ্তের কাছে নির্বাচনের আগে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অনেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট