
ইমফল, ৭ মাৰ্চ (হি.স.) : মণিপুরে নিরাপত্তা বাহিনীর পৃথক পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজন বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের জঙ্গি।
আজ শনিবার রাজ্য পুলিশের সদর দফতর থেকে প্রাকাশিত এক বিবৃতিতে এ খবর দিয়ে বলা হয়েছে, গতকাল (৬ মার্চ) ইমফল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ন্যাশনাল রেভলিউশনারি ফ্রন্ট অব মণিপুর (এনআরএফএম)-এর একজন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।
আরেকটি অভিযানে ইমফল পূর্ব জেলার খুরাই সাজোর লৈরৌ পুখরি মাপাল এলাকায় নিজের বসতবাড়ি থেকে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-পামবেই (ইউএনএলএফ-পি)-এর এক ক্যাডার এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে একটি ৯ এমএম পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিষ্ণুপুর জেলা থেকে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের আরও দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জেলার ইথিং খেলার মাঠের কাছে তাকমু লেকসাইড এলাকা থেকে একটি এইচকে-৩৩ রাইফেল সহ একটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড সক্রিয় গুলি এবং তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস