
বাঁকুড়া, ৭ মার্চ (হি.স.) : বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার বাঁকুড়া বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ মানুষের বিক্ষোভ ও রাস্তা অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। জানা গেছে, শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ বাঁকুড়া শহরের পরিচিত ব্যবসায়ী রাজকুমার গরাই (৪০) স্কুটি নিয়ে শহরের দিকে আসছিলেন। সেই সময় বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে জুনবেদিয়া এলাকায় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। স্কুটি থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং বাস চলাচল স্বাভাবিক হয়। মৃত রাজকুমার গরাই বাঁকুড়া শহরের দোলতলা এলাকার বাসিন্দা ছিলেন। ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট