
চন্দ্রকোনা, ৭ মার্চ (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও অফিস চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস ক্যাম্পাসে ব্যাপক শোরগোল পড়ে যায়। দ্রুত তৎপরতা দেখিয়ে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে অসুস্থ যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে বিডিও অফিসে কর্মীরা কাজে ব্যস্ত ছিলেন এবং ভবনের দ্বিতীয় তলায় একটি বৈঠক চলছিল। সেই সময় হঠাৎই এক যুবক অফিস চত্বরে ঢুকে পড়েন এবং এক গৃহবধূর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ওই গৃহবধূর নাম রূপা মল্লিক রায়। অভিযুক্ত যুবকের নাম অরিন্দম ভট্টাচার্য।জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই সকলের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন যুবকটি।ঘটনা দেখে উপস্থিত সাধারণ মানুষ ও অফিসকর্মীরা হতবাক হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।খবর পেয়ে হাসপাতালে যান চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়