
আরামবাগ, ৭ মার্চ (হি.স.) : দেওয়ালে দেওয়ালে এক নেতার বিতর্কিত পোস্টার ঘিরে আরামবাগ শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে আরামবাগ মেডিকেল কলেজ ও বিডিও অফিসের সামনে রাস্তার ধারে এ ধরনের একাধিক পোস্টার দেখতে পান সাধারণ মানুষ। পোস্টারের উপরের অংশে লেখা রয়েছে ‘এমএলএ অফিস, আরামবাগ’। সেখানে একটি চেয়ারে বসে থাকা এক নেতার ছবি দেখা যাচ্ছে, যার সামনে টেবিলের উপর বান্ডিল বান্ডিল টাকা এবং পাশে একটি মদের গ্লাস রাখা রয়েছে। ওই নেতার গায়ে সাদা পোশাকের উপর গেরুয়া ওড়না দেখা যায়।
অন্যদিকে পোস্টারের এক পাশে জনগণকে ‘উন্নয়ন চাই’ দাবিতে সোচ্চার অবস্থায় দেখানো হয়েছে। নিচে লেখা রয়েছে ‘উন্নয়ন চাইতে গেলে ধমক আর মারধর’। তবে পোস্টারে ওই নেতার নাম বা পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এবং কাকে লক্ষ্য করে এটি দেওয়া হয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ-কে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ করেন, শাসক দল তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করছে। তাঁর দাবি, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ে তৃণমূল এই ধরনের কাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য