
পশ্চিম সিংভূম, ৭ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার মুফাসসিল থানার অন্তর্গত নিউ কলোনি টুংরি এলাকায় শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ডা. ওম কুমারী নার্সিং হোমের কাছে এই আগুন লাগে বলে জানা গেছে। তবে দমকলের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আগুনে একটি সিমেন্ট মিক্সার মেশিন সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এলাকাটি ঘনবসতিপূর্ণ।
ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনাস্থলে শুকনো পাতার স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য