
কলকাতা, ৭ মার্চ (হি. স.) : ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে বীরভূম জেলার গুরুত্বপূর্ণ সিউড়ি রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্তর্গত এই স্টেশনটি নতুন পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত হওয়ায় যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা বাড়বে বলে জানানো হয়েছে। শনিবার পূর্ব রেলের তরফে এক বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়।ভারতীয় রেলের এই প্রকল্পের লক্ষ্য দেশজুড়ে ১,৩০০-রও বেশি স্টেশনকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনর্গঠন করা। পশ্চিমবঙ্গে মোট ১০১টি স্টেশন এই প্রকল্পের আওতায় রয়েছে। ইতিমধ্যেই পানাগড়, কল্যাণী ঘোষপাড়া এবং জয়চণ্ডী পাহাড় স্টেশনের উন্নয়ন সম্পন্ন হয়ে উদ্বোধন করা হয়েছে।প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সিউড়ি স্টেশনের উন্নয়নের মধ্যে রয়েছে নতুন করে স্টেশন ভবনের সম্মুখভাগ তৈরি, উন্নত পার্কিং এলাকা ও সার্কুলেটিং এরিয়া, প্ল্যাটফর্ম শেড ও প্ল্যাটফর্মের উন্নতি, আধুনিক সাইনেজ, ট্রেন ও কোচ ইন্ডিকেশন বোর্ড, লিফটের ব্যবস্থা এবং স্টেশনের সৌন্দর্যবর্ধন। পাশাপাশি স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে ম্যুরাল ও পেইন্টিংও স্থাপন করা হয়েছে।এছাড়া সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সিউড়ি স্টেশনের কাছে ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি রোড ওভার ব্রিজের উদ্বোধন করেন। এই সেতু শহরের দুই প্রান্তকে যুক্ত করে যানজট কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়