
দুর্গাপুর, ৭ মার্চ (হি.স.) : নামী মিষ্টির দোকান থেকে কেনা ঢোকলা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ক্রেতার পরিবারের সদস্য। খাবার পরীক্ষা করতে গিয়ে তাতে জ্যান্ত পোকা দেখা যাওয়ার অভিযোগ ঘিরে শনিবার দুর্গাপুর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট মিষ্টির দোকান কর্তৃপক্ষ।
অভিযোগকারী জয় সরকার, দুর্গাপুরের দয়ানন্দ রোড এলাকার বাসিন্দা।
তিনি জানান, শনিবার সকালে নিরামিষ খাবার খাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে শহরের একটি নামী মিষ্টির দোকানের গুরুদোয়ারা শাখা থেকে ঢোকলা অর্ডার করেছিলেন।
জয় সরকারের দাবি, প্যাকেট খুলে তিনি ও তাঁর মেয়ে কিছুটা ঢোকলা খেয়েছিলেন। এরপর তাঁর মেয়ে অসুস্থ বোধ করতে শুরু করে এবং বমি ও পেটের সমস্যার উপসর্গ দেখা দেয়। পরে খাবারটি পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ঢোকলার ওপর সাদা পোকা কিলবিল করছে।
তিনি বলেন, “শহরের নামী দোকান হওয়ায় খাবারের মান ভালো হবে ভেবেই আমরা ওই দোকান থেকে খাবার কিনেছিলাম। কিন্তু খাবারের মধ্যে পোকা থাকবে তা ভাবতেও পারিনি।” তিনি বিষয়টি খাদ্য সুরক্ষা দফতরে অভিযোগ করার কথাও জানান।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। অনেকের প্রশ্ন, বড় বড় আউটলেটের খাবারের মান যদি এমন হয়, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ খাবার পাবেন?
এদিকে এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট মিষ্টির দোকান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই ধরনের প্রতিষ্ঠানের রান্নাঘর ও খাবারের মান পরীক্ষা করা উচিত প্রশাসনের।
পশ্চিম বর্ধমান জেলার খাদ্য সুরক্ষা বিভাগের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা