
হাইলাকান্দি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের সময় জেলার আধিকারিক কর্মচারীদেরকে নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্ট (নিৰ্বাচনী আচরণ বিধি) কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মার্চ মাসের জেলা উন্নয়ন কমিটির সভায় এই নির্দেশ দেওয়া হয়। ডিডিসি নরসিং বে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্ট-এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বলা হয়েছে, কোনও সরকারি কর্মচারী এবং আধিকারিক সামাজিক মাধ্যমে কোনও রাজনৈতিক কন্টেন্টের লাইক বা শেয়ার দিতে পারবেন না। আদর্শ আচরণবিধি বলবৎকালীন সময়ে কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, তা সব সরকারি কর্মচারী ও আধিকারিককে কঠোরভাবে মেনে চলতে হবে। কোনও আধিকারিক ও কর্মচারী রাজনৈতিক প্রচার অভিযানে কোনওভাবেই জড়িত হতে পারবেন না বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়েছে, আসিমগঞ্জ থেকে আয়নাখাল পর্যন্ত অসম মালার অধীন নির্মীয়মাণ সড়কের কাজ ৭৮ শতাংশ সম্পন্ন হয়েছে। কাটলিছড়া হাসপাতালে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগের নবনির্মিত লেবার রুমটির ভূমিক্ষয় প্রতিরোধে গ্রামোন্নয়ন বিভাগকে কর্মসূচি হাতে নিতে বৈঠকে পরামর্শ দেওয়া হয়।
শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, কাটলিছড়া শিক্ষা খণ্ডে ৩২টি স্কুল এখনও সিঙ্গল্ টিচার হিসেবে রয়েছে। শিক্ষা বিভাগ থেকে আরও জানানো হয়েছে, ছাত্র সংখ্যা ১০০-এর নীচে রয়েছে এমন স্কুলের জন্য বছরে ইনফ্রাস্ট্রাকচার গ্রান্ট হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি ছাত্র সংখ্যা একশোর বশি হলে এই গ্রান্ট ৫০ হাজার টাকা দেওয়া হয়। এই অর্থ দিয়ে স্কুলের ডেস্ক-বেঞ্চ মেরামত এবং বৈদ্যুতিক মাশুল বহন করতে হয়।
জল সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে, জেলার ভেঙে যাওয়া সব নদীবাঁধ মেরামতির কাজ সম্পন্ন হয়েছে। জেলা শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়েছে, অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্যায়ে জেলায় ২৩.৩৪ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব ছিল। এর মধ্যে এখন পর্যন্ত ২১.০৮ কোটি টাকার বিনিয়োগ সম্পূর্ণ হয়েছে। এতে মোট ৫২টি ইউনিটে ৫৪ টি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে।
জেলার সব শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে সভায় জেলার সব বিভাগের চলমান সব প্রকল্প রূপায়ণের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস