(আপডেট) পাইকপাড়ায় বন্ধ ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে উড়ল টিনের চাল
কলকাতা, ৭ মার্চ (হি.স.): মহানগরের পাইকপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বন্ধ ক্লাবে বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর কলকাতার চিতপুর থানা এলাকার গাঙ্গুলি পাড়া লেনে সকাল ৬টা ১১ মিনিট নাগাদ জোরালো শব্দে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটা
(আপডেট) পাইকপাড়ায় বন্ধ ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে উড়ল টিনের চাল


কলকাতা, ৭ মার্চ (হি.স.): মহানগরের পাইকপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বন্ধ ক্লাবে বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর কলকাতার চিতপুর থানা এলাকার গাঙ্গুলি পাড়া লেনে সকাল ৬টা ১১ মিনিট নাগাদ জোরালো শব্দে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্লাব ঘরের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি বহুতল আবাসন ও সংলগ্ন বাড়ির ছাদে গিয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত পাঁচবার পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিকট আওয়াজ শুনে বাসিন্দারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দেখেন ক্লাবের দরজা এবং টিনের চাল উপড়ে গিয়ে দূরে পড়েছে এবং ভেতরে আগুন জ্বলছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চিতপুর থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে লালবাজার থেকে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকেও তলব করা হয়।

এলাকাবাসীর সূত্র অনুযায়ী, যে ক্লাবে এই বিস্ফোরণ ঘটেছে সেটি গত ৬-৭ মাস ধরে বন্ধ অবস্থায় ছিল। অভিযোগ উঠেছে, ওই ক্লাব এবং সংলগ্ন এলাকা প্রোমোটিং সংক্রান্ত বিবাদের কেন্দ্রে ছিল। স্থানীয়দের একাংশের সন্দেহ, এই বিবাদের জেরেই পরিত্যক্ত ক্লাব ঘরে কেউ বা কারা বোমা মজুত করে রেখেছিল।

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার হৃৎপিণ্ডে এই ধরনের বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি তুলেছেন বাসিন্দারা। পুলিশ এই নাশকতার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র বা প্রোমোটিং সংক্রান্ত শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande