
তিনসুকিয়া (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার লাইপুলি এলাকায় একটি চলন্ত ট্রেনের সঙ্গে একটি মিনিট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মিনিট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও চালক ও সহকারী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
প্রাপ্ত খবরে প্রকাশ, আজ শনিবার লাইপুলি এলাকার একটি রেলওয়ে ক্রসিঙে ঘটনাটি ঘটেছে। এএস ২৩ ডিসি ৩০৭৭ নম্বরের পণ্যবাহী টাটা ইনট্রা মিনিট্রাকটি রেললাইন পার হচ্ছিল। এমন সময় ট্রেনটি এসে ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কার ফলে বেশ কয়েক মিটার দূরে চলে গেছে ট্রাকটি।
সৌভাগ্যবশত ট্রাকের চালক ও তার সহকারী সময়মতো ঝাঁপিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। তারা সামান্য আঘাত পেলেও গুরুতর নয় বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তিনসুকিয়া থেকে দ্রুত ঘটনাস্থলে এসেছেন রেল বিভাগের সংশ্লিষ্ট আধিকারিক এবং উদ্ধার অভিযানকারীরা। সর্বশেষ খবর অনুযায়ী, রেলওয়ে ট্র্যাক থেকে দুর্ঘটনাগ্রস্ত মিনিট্রাককে সরানোর চেষ্টা করছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস