কৃষ্ণনগরে ১৮তম সাংস্কৃতিক মেলার বর্ণাঢ্য সূচনা, সার্ধশতবর্ষে ‘১৫০ কণ্ঠে বন্দেমাতরম্’ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ
নদিয়া, ৭ মার্চ (হি. স.) : বসন্তের আমেজে কৃষ্ণনগরে শুরু হলো ১৮তম সাংস্কৃতিক মেলা। শনিবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে উৎসবমুখর পরিবেশে এই মেলার উদ্বোধন হয়েছে। এবারের মেলার আয়োজক ‘কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ’। প্রদীপ প্রজ্জ্বলন, শহীদ বেদীতে মাল্যদান
নদীয়া জেলাতে'ও


নদিয়া, ৭ মার্চ (হি. স.) : বসন্তের আমেজে কৃষ্ণনগরে শুরু হলো ১৮তম সাংস্কৃতিক মেলা। শনিবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে উৎসবমুখর পরিবেশে এই মেলার উদ্বোধন হয়েছে। এবারের মেলার আয়োজক ‘কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ’। প্রদীপ প্রজ্জ্বলন, শহীদ বেদীতে মাল্যদান এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই বার্ষিক আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘১৫০ কণ্ঠে বন্দেমাতরম্’। গানটির রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রায় দেড়শো শিল্পী সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন। দেশাত্মবোধক এই সমবেত সংগীত পরিবেশনার সময় দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং নাট্য পরিবেশনায় অংশ নেন শহর ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতো এবারও মেলা ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।

উল্লেখ্য, এই মেলা চলবে আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত। মেলা প্রাঙ্গণে বই, হস্তশিল্প ও খাদ্যদ্রব্যের হরেক রকমের স্টল রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের সাংস্কৃতিক চর্চাকে আরও প্রসারিত করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande