মালদায় ছেলেধরা সন্দেহে মহিলাকে খুঁটিতে বেঁধে বিক্ষোভ, আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
মালদা, ৭ মার্চ (হি. স.) : মালদায় ছেলেধরা সন্দেহে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। শনিবার মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স
মালদায় ছেলেধরা সন্দেহে মহিলাকে খুঁটিতে বেঁধে বিক্ষোভ, আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী


মালদা, ৭ মার্চ (হি. স.) : মালদায় ছেলেধরা সন্দেহে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। শনিবার মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের শিশু কন্যা বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলা করছিল। অভিযোগ, সেই সময় ওই অজ্ঞাতপরিচয় মহিলা হঠাৎ শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই দ্রুত সেখানে জড়ো হন আশপাশের বাসিন্দারা। তাঁরা ওই মহিলাকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন।

এলাকাবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ছেলেধরা নিয়ে নানা গুজব ও খবর ছড়িয়ে পড়ায় তাঁরা আগে থেকেই সতর্ক ছিলেন। সেই কারণেই সন্দেহজনক আচরণ লক্ষ্য করে ওই মহিলাকে আটক করা হয়েছে।

অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande