
কলকাতা, ৭ মার্চ (হি. স.) : ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে হাজির হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা প্রতীক উর রহমান। শনিবার ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যবতক টাইগার মারা নেহি, তবতক টাইগার হারা নেহি। বাংলার বাঘিনী এখনও জেগে আছেন।”এদিন বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। এরপরই নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন প্রতীক উর রহমান। তাঁর বক্তব্য, ভোটের আগে বলা হয় ‘উই দ্য পিপল অব ইন্ডিয়া’, কিন্তু নির্বাচন শেষ হলেই তা হয়ে যায় ‘হু দ্য পিপল অব ইন্ডিয়া’।নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, তাঁর প্রচুর জ্ঞান থাকলেও কান্ডজ্ঞান নেই। মানুষের কাছে দায়বদ্ধ কমিশন সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিজেপির স্বার্থ রক্ষার জন্যই কমিশন কাজ করছে এবং বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।প্রতীক উর রহমানের অভিযোগ, বিশেষ করে তৃণমূল সমর্থক বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন, যত চেষ্টা করা হোক না কেন তৃণমূলকে বাংলার মাটি থেকে সরানো যাবে না। ২০২৬ সালের পর বাংলার মানুষই বিজেপিকে ‘ভ্যানিশ’ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়