পাঁচগ্রাম-বক্রিহাওর সেতুর ওজনসীমা তিন টন, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা
হাইলাকান্দি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকার বক্রিহাওর সংযোগী সড়কের একটি আরসিসি সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছে পূর্ত (সড়ক) বিভাগ। সাম্প্রতিক পরিদর্শন ও প্রযুক্তিগত মূল্যায়নে সেতুটির কাঠামোগ
পাঁচগ্রাম-বক্রিহাওর সেতুর ওজনসীমা তিন টন, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা


হাইলাকান্দি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকার বক্রিহাওর সংযোগী সড়কের একটি আরসিসি সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছে পূর্ত (সড়ক) বিভাগ।

সাম্প্রতিক পরিদর্শন ও প্রযুক্তিগত মূল্যায়নে সেতুটির কাঠামোগত দুর্বলতা ধরা পড়ায় আপাতত সেতুটিতে সর্বোচ্চ তিন টন ওজনের যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ১৫৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন স্লুইস গেট থেকে বক্রিহাওর তৃতীয় খণ্ড পর্যন্ত সংযোগকারী সড়কের ৪৬৫ মিটার চেইনেজে অবস্থিত সেতুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ক্ষয়, ফাটল এবং গার্ডার ও বিয়ারিং দুর্বল হয়ে পড়ার লক্ষণ দেখা গেছে। এর ফলে সেতুটির ভার বহন করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সামগ্রিক কাঠামোগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে হাইলাকান্দি জেলা পূর্ত (সড়ক) বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এক নির্দেশে অবিলম্বে সেতুটিতে তিন (৩) টনের বেশি ওজনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ, পরিবহণ সংস্থা, আইনপ্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সেতুর উভয় প্রান্তে সতর্কতামূলক সাইনবোর্ড বসিয়ে ওজনসীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থাও নেওয়া হবে বলে পূর্ত বিভাগ সূত্রে জানানো হয়েছ।

এদিকে সেতুটির মেরামতের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুতির কাজ চলছে। সেতুটির কাঠামোগত অবস্থা সন্তোষজনক ও নিরাপদ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত এই ওজনসীমা কার্যকর থাকবে বলে পূর্ত দফতরের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande