ইউপিএসসি-তে সফল ১১ জন বঙ্গসন্তান, নারী দিবসের প্রাক্কালে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৭ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বঙ্গকন্যাদের সাফল্যে রাজ্যের মুকুটে নতুন পালক যুক্ত হলো। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় একজন নয়, একাধিক পরীক্ষার্থী নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন
ইউপিএসসি-তে সফল ১১ জন বঙ্গসন্তান, নারী দিবসের প্রাক্কালে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৭ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বঙ্গকন্যাদের সাফল্যে রাজ্যের মুকুটে নতুন পালক যুক্ত হলো। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় একজন নয়, একাধিক পরীক্ষার্থী নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন।

এই সাফল্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন— পশ্চিমবঙ্গ সরকারের কোচিংপ্রাপ্ত একাধিক প্রার্থী চলতি বছরের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পাওয়ায় রাজ্যে খুশির হাওয়া। সদ্য প্রকাশিত চূড়ান্ত মেধা তালিকায় রাজ্যের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের প্রশিক্ষণপ্রাপ্ত মোট ১১ জন প্রার্থী জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা প্রার্থী, যা আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মেধাতালিকায় উল্লেখযোগ্য স্থান পেয়েছেন দীক্ষা রাই (৪০), আকাশ কুমার রাই (২৭৯), বৈষ্ণা বিশ্বাস (৩৬৭), গৌতম ঠাকুরি (৪৩২), দেবজ্যোতি হালদার (৪৪৩), দেবব্রত প্রামাণিক (৪৬৭), এস. নিবেদ কুমার (৪৮৬), মহসিনা বানু (৬৪৮), জুহি দাস (৬৪৯), কীর্তি চৌধুরী (৭৬০) এবং অ্যানিয়েলা শেরপা (৮৯৩)। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এঁরা সকলেই ওই কেন্দ্র থেকে প্রশিক্ষণ ও ভর্তুকিযুক্ত কোচিংয়ের সুবিধা পেয়েছিলেন।

প্রশাসনের একাংশের মতে, এই সাফল্য প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ ও পরিকাঠামো পেলে রাজ্যের পড়ুয়ারা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। সফল প্রার্থীদের অধিকাংশই ভবিষ্যতে আইএএস, আইপিএস-সহ দেশের শীর্ষ প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, রাজ্য থেকে আরও বেশ কয়েকজন প্রার্থীও এ বছর ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। তাঁদের এই সাফল্য আগামী দিনে আরও বহু তরুণ-তরুণীকে এই পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করবে বলেই আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande