
কলকাতা, ৭ মার্চ (হি.স.): “এ রাজ্যের সবচেয়ে বড় সংকট এখন মানুষের নিরাপত্তা। এখানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্যের প্রধান নিজেই মহিলাদের রাতের পর বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন। যা একটি সুস্থ ও নিরাপদ সমাজব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক সংকেত।” শনিবার দলের ‘পরিবর্তন যাত্রা’-কে কেন্দ্র করে এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে সাংবাদিক সম্মেলে এই মন্তব্য করেন দাদা সাহেব ফালকে, পদ্ম ভূষণ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও বরিষ্ঠ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন যে একসময় কলকাতায় গভীর রাত পর্যন্ত মানুষ নির্ভয়ে চলাফেরা করতেন, কিন্তু আজ সেই পরিবেশ আর নেই। বিজেপি সরকার গঠিত হলে রাজ্যের সর্বপ্রথম অগ্রাধিকার হবে নারীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা।
তিনি রাজ্যে ক্রমবর্ধমান হিংসা ও অস্থিরতার প্রসঙ্গও উত্থাপন করেন এবং বলেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে খুনোখুনি, বোমাবাজি এবং রাজনৈতিক হিংসা প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। একসময়ের শান্ত ও সংস্কৃতিমনস্ক পশ্চিমবঙ্গ আজ এমন এক অবস্থায় নেমে এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত