
কলকাতা, ৭ মার্চ (হি.স.) : রাজ্যে অবৈধ অস্ত্রের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলায় অভিযান চালিয়ে বিহারের দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৯ এমএম কার্বাইন এবং তিনটি ৭ এমএম পিস্তলসহ বেশ কিছু খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এসটিএফ-এর পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার (আইপিএস) শনিবার সকালে জানান যে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বাসুদেবপুর থানা এলাকার কায়রাপুরের কাছে হানা দেয় এসটিএফ-এর একটি বিশেষ দল। সেই অভিযানেই হাতেনাতে গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে।
ধৃতদের পরিচয় জানা গিয়েছে—আলোক কুমার, বিহারের মুঙ্গোর জেলার ধোবিতলার বাসিন্দা এবং প্রেম কুমার, মির্জাপুরের বাসিন্দা। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে একটি ৯ এমএম কার্বাইন, দু’টি খালি ম্যাগাজিন এবং তিনটি ৭ এমএম পিস্তলসহ ছয়টি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। পুলিশ সমস্ত অস্ত্র ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
ইতিমধ্যেই এসটিএফ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পান্ডাদের হদিস পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি