
শ্রীভূমি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত এরালিগুলে অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও কর্মীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা’ বিষয়ক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যারাতে মহাবিদ্যালয়ের যোগ সেল এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর যৌথ উদ্যোগে এই ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও কর্মীদের আবেগগত এবং মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রদত্ত বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, নয়াদিল্লির উচ্চ ও পেশাগত শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. শিবকুমার কান্দেকার। তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রী ও কর্মীদের বিভিন্ন মানসিক সমস্যার বিষয় তুলে ধরেন এবং সেগুলির মোকাবিলার উপায় ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কিছু বাস্তবধর্মী পরামর্শ প্রদান করেন।
প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রী ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং রিসোর্স পার্সনের কাছ থেকে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর লাভ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ডেইজি ভট্টাচার্য। শেষে যোগ সেলের সমন্বয়ক এবং প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক সতীনাথ পাল ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ওয়েবিনারটির সমাপ্তি ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস