টিটিএএডিসি নির্বাচনের রণকৌশল নির্ধারণে প্রদেশ বিজেপি-এর বৈঠক
আগরতলা, ৭ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নির্ধারণে বৈঠক করল প্রদেশ বিজেপি। শনিবার আগরতলায় দলের রাজ্য দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর
বিজেপির সাংগঠনিক বৈঠক


আগরতলা, ৭ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নির্ধারণে বৈঠক করল প্রদেশ বিজেপি। শনিবার আগরতলায় দলের রাজ্য দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দলের জনজাতি মোর্চা সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব।

টিটিএএডিসি নির্বাচনকে পাখির চোখ করে অনেক আগেই সংগঠনিকভাবে মাঠে নেমেছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় যোগদান সভা, বাইক র্যালি ও রোড শোয়ের মাধ্যমে নির্বাচনী প্রচার জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবারের বৈঠকে আসন্ন নির্বাচনের সামগ্রিক কৌশল ও সংগঠনগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সাংবাদিকদের জানান, আসন্ন টিটিএএডিসি নির্বাচনে দল কীভাবে লড়াই করবে এবং নির্বাচনী কৌশল কী হবে—এই বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই বৈঠকটি ডাকা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রার্থী বাছাই নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। ২৮টি নির্বাচনী কেন্দ্র থেকেই সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে আলোচনায়। পাশাপাশি বৈঠকে উপস্থিত অধিকাংশ জনজাতি নেতৃত্ব টিটিএএডিসি নির্বাচনে বিজেপি-এর এককভাবে লড়াই করার পক্ষেই মত প্রকাশ করেছেন বলেও জানা গেছে।

দলীয় মহলের মতে, সংগঠনকে আরও শক্তিশালী করে এবং জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক ভিত্তি মজবুত করতেই বিজেপি টিটিএএডিসি নির্বাচনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande