
উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি. স.): প্রচারে বেরিয়ে বুধবার সকালে বনগাঁর মহোৎসবতলা ঘাট, বারোমন্দির ঘাট এলাকায় প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিলেন পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্ত। ভোরবেলা ঘাটে হাঁটতে আসা সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।এদিন সকালে ঘাট এলাকায় বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে এলাকার উন্নয়ন, রাস্তা, পানীয় জল, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয় বাসিন্দারাও নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তাঁর কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সব কথা শোনেন এবং সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন।কলতান দাশগুপ্ত বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখাই তাঁর মূল লক্ষ্য। মানুষের সমস্যার কথা জানতে পারলেই সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া সহজ হয়। তিনি জানান, ভবিষ্যতেও তিনি নিয়মিতভাবে মানুষের সঙ্গে এভাবেই যোগাযোগ রাখবেন। এদিন সকালবেলার এই কর্মসূচিকে কেন্দ্র করে ঘাট এলাকায় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়