
মুম্বই, ১ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের জালনা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ৭ জন মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সন্ধ্যায় সমৃদ্ধি মহাসড়কের জনওয়াড়ি-কাডাভাঞ্চি এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা শ্রমিকরা মহাসড়কের ধারে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ মুম্বইমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ৩ জন শ্রমিককে দ্রুত জালনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে জালনার বিধায়ক অর্জুন খোটকর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য