
দেহরাদূন, ১ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের চারধাম যাত্রাকে ঘিরে এবারও ভক্তদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই এই তীর্থযাত্রার জন্য নিবন্ধনের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বুধবার বিকেল ৪টা ৫৯ মিনিটে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, যমুনোত্রী ধামের জন্য ১ লক্ষ ৯৭ হাজার ৯৪৪ জন, গঙ্গোত্রী ধামের জন্য ২ লক্ষ ২ হাজার ৯২৭ জন, কেদারনাথ ধামের জন্য ৩ লক্ষ ৭২ হাজার ৭৩২ জন এবং বদ্রীনাথ ধামের জন্য ৩ লক্ষ ২৭ হাজার ২৭৬ জন ভক্ত নিবন্ধন করেছেন। এছাড়া হেমকুণ্ড সাহিব যাত্রার জন্য নিবন্ধন করেছেন ৬ হাজার ৯৬২ জন। সব মিলিয়ে মোট ১১ লক্ষ ৭ হাজার ৮৪১ জন তীর্থযাত্রী ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন।
এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন নিবন্ধনের পাশাপাশি হরিদ্বার, ঋষিকেশ, গুরুদ্বারা, নয়াগাঁও, হার্বার্টপুর এবং ঋষিকেশ ট্রানজিট ক্যাম্পে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে কেদারনাথ এবং বদ্রীনাথ ধামের জন্য সর্বাধিক সংখ্যক ভক্ত নিবন্ধন করেছেন।
চারধাম যাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি জোরদার করেছে। যাত্রীদের সুবিধার জন্য ১৩৬৪ নম্বর হেল্পলাইন চালু করা হয়েছে। পাশাপাশি ভক্তদের শুধুমাত্র সরকারি ও অনুমোদিত মাধ্যমেই নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য