
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারত। চিন ও পাকিস্তান সীমান্তে সেনা কমান্ড স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত দুই কমান্ডারের নেতৃত্বে ড্রোন, কাউন্টার-ড্রোন প্রযুক্তি, মাল্টি-ডোমেন অপারেশন ও গোয়েন্দা নির্ভর অভিযানে বিশেষ জোর দেওয়া হবে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
পাকিস্তান সীমান্তের দায়িত্বে থাকা ওয়েস্টার্ন কমান্ডের নতুন সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র পাল সিং। অন্যদিকে, চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) রক্ষায় ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণন। এই দুই নিয়োগকে সীমান্ত কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে প্রতিরক্ষা মহল।
লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র পাল সিং এতদিন ভাইস চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর চণ্ডীমন্দিরে ওয়েস্টার্ন কমান্ডের ওয়ার মেমোরিয়ালে শহিদদের শ্রদ্ধা জানান এবং গার্ড অফ অনার গ্রহণ করেন।
প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই আধিকারিক উত্তর ও পশ্চিম সীমান্তের একাধিক সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করেছেন। ‘অপারেশন পবন’-সহ একাধিক সন্ত্রাসবিরোধী অভিযানে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। পাশাপাশি সেনা সদর দফতরে অপারেশনাল লজিস্টিকস পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।
অন্যদিকে, ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়া লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণনও দীর্ঘ সামরিক অভিজ্ঞতা নিয়ে এই পদে এসেছেন। সিয়াচেনের মতো উচ্চ পার্বত্য অঞ্চলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ইনফ্যান্ট্রি ডিভিশন ও ব্রহ্মাস্ত্র কর্পসের নেতৃত্ব দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে তথ্যপ্রযুক্তি বিভাগ এবং লন্ডনে ভারতের হাই কমিশনে ডিফেন্স অ্যাটাশে হিসেবেও কাজ করেছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও সীমান্তে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারত তার সীমান্ত প্রতিরক্ষা আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে। নতুন দায়িত্ব গ্রহণের পর দুই সেনা কমান্ডারই শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর জোর দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য