
দক্ষিণ ২৪ পরগনা, ১ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার মৌখালি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সাইফুল মোল্লা। বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে সাইফুলের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন সাইফুল। কিন্তু রাত গড়ালেও তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর খোঁজ করতে শুরু করেন। ভোরে মেলে দুঃসংবাদ। গ্রামের রাস্তার উপর রক্তে ভেজা দেহ দেখে শিউরে ওঠেন গ্রামবাসীরা। কী কারণে এই ঘটনা, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ