টিটিএএডিসি নির্বাচন : সিমনা-তমাকারীতে বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী ইন্দ্রজিৎ, বঞ্চনা ইস্যুতে সরব বিজেপি
আগরতলা, ১ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রাক্কালে ১৩-সিমনা-তমাকারী কেন্দ্র জুড়ে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা। বুধবার মেখলিবন্দ ভিলেজের বস্তি এলাকায় বাড
বিজেপি প্রার্থীর ভোট প্রচার


আগরতলা, ১ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রাক্কালে ১৩-সিমনা-তমাকারী কেন্দ্র জুড়ে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা। বুধবার মেখলিবন্দ ভিলেজের বস্তি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি দাবি করেন, দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেতে এলাকাবাসী ১২ এপ্রিলের নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।

প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই প্রচারে ঝাঁপিয়ে পড়া ইন্দ্রজিৎ দেববর্মা ইতিমধ্যেই কেন্দ্রের অধিকাংশ এলাকায় বাড়ি বাড়ি প্রচার শেষ করেছেন বলে জানান। এদিন তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন প্রদেশ বিজেপি সম্পাদক রতন ঘোষ, সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিকসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

ইন্দ্রজিৎ দেববর্মা বলেন, “এলাকায় ঘুরে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তাঁরা তাঁদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরছেন।” তিনি অভিযোগ করেন, সিমনা-তমাকারী কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং টিটিএএডিসি প্রশাসনের গাফিলতির কারণেই রাস্তাঘাটের অবস্থা ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী বর্তমান ইএম তথা তিপ্রা মথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেননি। “অনেক এলাকায় তিনি শুধুমাত্র ভোটের সময় গিয়েছিলেন, এরপর আর দেখা যায়নি,”—মন্তব্য করেন বিজেপি প্রার্থী। এমনকি কিছু কিছু এলাকায় মানুষকে পিলারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ইন্দ্রজিৎ দেববর্মা জানান, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে সায় দিচ্ছেন এবং ১২ এপ্রিলের নির্বাচনের জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন।

এদিন মেখলিবন্দ ভিলেজে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্যোগে একটি মিছিলও সংগঠিত হয়। মিছিলটি বস্তি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং প্রচারের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande