
কদমতলা (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুড়াইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের রেল তেমাথা সংলগ্ন স্বামী বিবেকানন্দ রোডে অবস্থিত ‘সম্রাট জুয়েলার্স’ নামক স্বর্ণালঙ্কারের দোকানে মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের ম্যানেজার উত্তম কুমার ধর জানান, বুধবার সকালে প্রায় নয়টা নাগাদ দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের ভেতরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। পরে খতিয়ে দেখে জানা যায়, দুষ্কৃতীরা দোকানের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানে থাকা বিপুল পরিমাণ সোনা, রুপা ও মূল্যবান পাথর হাতিয়ে নিয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরে চুড়াইবাড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনার একটি ডাইরি লিপিবদ্ধ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট জুয়েলার্সে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। শুধু এই দোকানই নয়, আশপাশের এলাকাতেও একই কায়দায় টিন কেটে চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কোনও ঘটনারই সুরাহা করতে পারেনি পুলিশ। ফলে পুলিশের ভূমিকা ও রাতের টহলদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এদিকে, এই ঘটনায় দোকানের মালিক সুমত দে মানসিকভাবে ভেঙে পড়েছেন। জানা গেছে, চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও রুপোর একটি বড় অংশই ছিল সাধারণ গ্রাহকদের জমা রাখা গয়না, যা মজুরির কাজের জন্য রাখা হয়েছিল। ফলে কীভাবে গ্রাহকদের সেই গয়না ফেরত দেওয়া হবে, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ