
পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল (হি. স.): পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অকালপৌষ প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এই সভা থেকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “আপনারা যত বাধাই সৃষ্টি করুন না কেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” সেই সঙ্গে তিনি দাবি করেন, “পদ্মফুলে ভোট দিলে রাজ্যে সিন্ডিকেট রাজ সমূলে উপড়ে ফেলা হবে।” ভোটের পরবর্তী হিংসা রুখতে এবং সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে সরব হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৫০০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করলেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গঠিত হলে এক বছরের মধ্যেই এই দীর্ঘপ্রতীক্ষিত প্রকল্প বাস্তবায়ন করা হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে গোটা ডেবরা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা গিয়েছে। নির্বাচনের ঠিক আগে অমিত শাহের এই সভা রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তুলল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়