
হুগলি, ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির খানাকুলে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ । শনিবার সকাল থেকে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাঁকে।
দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রাম ও এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন সুশান্ত ঘোষ। মানুষের সমস্যা শোনা এবং উন্নয়নের আশ্বাস দেওয়াকেই তিনি প্রচারের মূল কৌশল হিসেবে তুলে ধরছেন।
প্রচারের ফাঁকে তিনি বলেন, “মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য। আগেও মানুষের আশীর্বাদ পেয়েছি, এবারও সেই ভরসাতেই মাঠে নেমেছি।” তিনি জানান, এলাকায় রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের উন্নয়ন তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এদিকে বিজেপি প্রার্থীর এই পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলিও পাল্টা প্রচারে নেমেছে জোরকদমে।
সব মিলিয়ে, খানাকুল বিধানসভা এলাকায় নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। সেই লড়াইয়ে এগিয়ে থাকতে মাটির কাছাকাছি থেকেই প্রচারে জোর দিচ্ছেন সুশান্ত ঘোষ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA