
হুগলি , ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে জোরদার জনসংযোগে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. নির্মল মাঝি। শনিবার বদনগঞ্জ ফুলুই এক নম্বর অঞ্চলে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি প্রচারে অংশ নেন।
এদিনের প্রচারে দেখা যায় ভিন্নমাত্রার উচ্ছ্বাস। ঢাক বাজিয়ে নিজেই প্রচারে অংশ নেন প্রার্থী, আর সেই তালে তালে নেচে-গেয়ে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগও। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।
ডা. নির্মল মাঝি বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের প্রধান শক্তি। উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।” অন্যদিকে সাংসদ মিতালী বাগও দাবি করেন, গোঘাটে তৃণমূলের জয় নিশ্চিত।
এদিনের এই প্রচার ঘিরে এলাকায় উল্লেখযোগ্য ভিড় ও উৎসাহ লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে রাজনৈতিক আবহকে আরও উষ্ণ করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA