
নন্দীগ্রাম, ১১ এপ্রিল (হি. স.) : শনিবার নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে সংঘটিত বিস্ফোরণ ও হিংসার ঘটনায় বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই ঘটনায় অভিযুক্ত ৪৩ জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়ে আগামী ১৭ এপ্রিল এনআইএ-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর নন্দীগ্রাম-১ ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন ভোটকেন্দ্রে সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে এবং বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে এই ঘটনায় একাধিক অভিযোগ দায়ের হয় এবং তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে।তদন্তের সূত্র ধরে সংস্থার পক্ষ থেকে শেখ সুফিয়ান, আবু তাহের, শঙ্কু নায়েক সহ মোট ৪৩ জনের নামে নোটিশ জারি করা হয়েছে। প্রত্যেককে নির্দিষ্ট দিনে এনআইএ-র সদর দফতরে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে সকলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়