
আগরতলা, ১১ এপ্রিল (হি.স.) : আগরতলায় হোলি ক্রস স্কুলে শনিবার সন্ধ্যায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল প্যারেন্টস ডে অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি ত্রিপুরার সামগ্রিক অগ্রগতি এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও উদ্যমী যুবসমাজের শক্তিকে সঙ্গে নিয়ে ত্রিপুরা উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, রাজ্য সরকার সবসময় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। এই প্রেক্ষিতে হোলি ক্রস স্কুলের মত শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমানের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নাগরিক ও দেশের নির্মাতা। তাই তাদের দায়িত্বশীল, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সমাজের প্রতি ইতিবাচক দায়িত্ব পালন করার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান। একইসঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী, হোলি ক্রস ফাদার্স (নর্থইস্ট প্রভিন্স)-এর সিএসসি প্রভিন্সিয়াল ফাদার আব্রাহাম কোচুপুরাক্কাল, আগরতলা ডায়োসিসের বিশপ লুমেন মন্টেইরো সিএসসি এবং কামেশ দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হোলি ক্রস স্কুলের প্রিন্সিপাল ফাদার জিলসন টম সিএসসি। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রিন্সিপাল ফাদার রেঞ্জ জর্জ সিএসসি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ