
আসানসোল, ১১ এপ্রিল (হি. স.) : সংবিধান বাঁচাতে গেলে বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা একান্ত প্রয়োজন— শনিবার পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় নির্বাচনী জনসভা থেকে এই বার্তাই দিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এদিন জামুড়িয়া ব্লক-২-এর চিচুড়িয়া দলদলি ময়দানে দলীয় প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে আয়োজিত সভায় সায়নীকে দেখার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
জনসভায় বক্তব্য রাখার আগে সায়নী ঘোষ চিচুড়িয়া সুভাষ সমিতি ক্লাবে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন এবং স্থানীয় মন্দিরে পুজো দেন। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি চতুর্থবারের জন্য তৃণমূল সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান। ২০২১-এর নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামুড়িয়ায় বামপন্থীদের ৪৪ বছরের দুর্গ ভেঙে দিয়েছিলেন হরেরাম সিং। তাঁকে এক ‘জীবন্ত কিংবদন্তি’ হিসেবে আখ্যা দিয়ে সায়নী নিশ্চিত যে, এবারও জামুড়িয়ার মানুষ হরেরাম বাবুকেই বেছে নেবেন।
এদিনের সভা থেকে ভোটার তালিকা সংশোধনের নামে নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী। তিনি অভিযোগ করেন, সংশোধনের নামে যে লক্ষ লক্ষ নাম তালিকা থেকে সরানো হয়েছে, তার মধ্যে ৬৩ শতাংশই হিন্দু। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি যদি হিন্দুদের স্বার্থরক্ষার কথা বলে, তবে কেন হিন্দুদের নামই বেশি করে বাদ গেল? তাঁর দাবি, বিজেপি বাংলার মানুষকে মাথা নত করাতে চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা কখনও মাথা নোয়াবে না।
বিজেপির আর্থিক প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করে অভিনেত্রী সাংসদ বলেন, বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে, তা আজ পর্যন্ত কেউ পায়নি। এখন ৩০০০ টাকা দেওয়ার কথা বলছে, দম থাকলে আগে ১৫০০ টাকা অগ্রিম দিক। তিনি আরও বলেন, ব্রিটিশদের মতো করে দেশ চালাতে চাইছে বিজেপি, কিন্তু বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে।
সায়নী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন এবং মানুষের আশীর্বাদ থাকলে আগামী দিনে তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন। জামুড়িয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে হরেরাম সিংকে দ্বিতীয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি