অভয়নগরে উচ্ছেদ নোটিশ ঘিরে উত্তেজনা, পুনর্বাসন ছাড়া উচ্ছেদে প্রতিবাদ সিপিআই(এম)-এর
আগরতলা, ১১ এপ্রিল (হি.স.) : সদর মহকুমা শাসকের কার্যালয় থেকে আগরতলার অভয়নগর কাটাখালের পাড়ে বসবাসকারী একাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ বছর ধরে বসবাসরত অধিকাংশ পরিবারই গরিব ও
উচ্ছেদ নোটিশ ঘিরে উদ্বেগ


আগরতলা, ১১ এপ্রিল (হি.স.) : সদর মহকুমা শাসকের কার্যালয় থেকে আগরতলার অভয়নগর কাটাখালের পাড়ে বসবাসকারী একাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ বছর ধরে বসবাসরত অধিকাংশ পরিবারই গরিব ও শ্রমজীবী, দৈনিক কায়িক শ্রমের মাধ্যমে স্বল্প আয়ে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ উচ্ছেদের নোটিশে অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন এবং নিজেদের উদ্যোগে ঘরবাড়ি নির্মাণ করেছেন। পাশাপাশি নিয়মিতভাবে আগরতলা পুর নিগমে সম্পত্তি কর এবং বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। তবুও কোনও প্রকার বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের নোটিশ দেওয়ায় তাঁরা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে, শনিবার দুপুরে সিপিআই(এম)-এর একটি প্রতিনিধি দল সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তীর নেতৃত্বে অভয়নগর এলাকায় পৌঁছে নোটিশপ্রাপ্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ দেব, অভয়নগর লোকাল কমিটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা, পার্টি নেতা গৌতম দেব, কৌশিক চক্রবর্তী ও কাজল রেখা সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে সিপিআই(এম) নেতৃত্ব জানান, পুনর্বাসন ছাড়া এভাবে গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা সম্পূর্ণ অমানবিক। তাঁরা অভিযোগ করেন, পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের সময়ে বিভিন্ন স্থানে আবাসন নির্মাণ করে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হত। কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ও পুর নিগম সেই নীতি অনুসরণ করছে না।

সিপিআই(এম)-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিকল্প পুনর্বাসন ছাড়া কোনও উচ্ছেদ কার্যক্রম মেনে নেওয়া হবে না। দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে তাঁদের অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলা হবে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সদর মহকুমা কমিটি আগরতলা পুর নিগমের জারি করা উচ্ছেদ নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি তুলেছে। পাশাপাশি, আলোচনার মাধ্যমে সুবিধাজনক স্থানে প্রভাবিত পরিবারগুলির পুনর্বাসন নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande