
হুগলি, ১১ এপ্রিল (হি.স.) : ভোটের মুখে হুগলির খানাকুলে তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা জোরদার হল। খানাকুল ১ ব্লকের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন দলের প্রভাবশালী নেতা দিপেন মাইতি।
শুক্রবার তিনি নিজের পদত্যাগপত্র দলীয় সভাপতি সুব্রত বক্সী -সহ শীর্ষ নেতৃত্বের কাছে পাঠান। পাশাপাশি বিষয়টি সামাজিক মাধ্যমেও প্রকাশ্যে আনেন তিনি।
কয়েকদিন আগেই খানাকুলে তৃণমূল প্রার্থী পলাশ রায়ের সমর্থনে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল দিপেন মাইতিকে। দলীয় সূত্রে দাবি, তাঁর সক্রিয়তায় কিশোরপুর ১ ও ২ পঞ্চায়েত এলাকা, ঘোষপুর ও ঠাকুরানীচক এলাকায় সংগঠন মজবুত হয়েছিল। ঠিক সেই সময়েই তাঁর পদত্যাগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
দিপেন মাইতি অবশ্য জানিয়েছেন, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সংগঠনের অন্দরে অসন্তোষ ও গোষ্ঠীকোন্দলই এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে। বিশেষ করে আই-প্যাকের ভূমিকা ও প্রার্থীকে ঘিরে দলের একাংশের সক্রিয়তা নিয়ে তাঁর অসন্তোষ ছিল বলেও সূত্রের দাবি।
এদিকে সম্প্রতি একটি ভাইরাল কল রেকর্ড ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ওই কল রেকর্ডে এক তৃণমূল নেতাকে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করতে শোনা গিয়েছে বলে দাবি। যদিও সেই ব্যক্তি দিপেন মাইতি কিনা, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
সব মিলিয়ে দিপেন মাইতির পদত্যাগ শুধুই ব্যক্তিগত কারণ, নাকি এর নেপথ্যে বড় রাজনৈতিক সমীকরণ রয়েছে—তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে খানাকুলের রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন দিপেন মাইতি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA