
কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): রাজ্যে ক্ষমতায় এসে দুর্নীতি নিয়ে বিজেপির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা নিয়ে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অমিত শাহের সঙ্কল্প পত্র ঘোষণার পরে অভিষেক বলেন, লোক হাসাচ্ছেন! বাংলা তো বটেই, গোটা দেশের সব দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে ঢুকছে। ইডি, সিবিআই জেরা করার পরেই ঢুকে যাচ্ছে। কর্মসংস্থান-সহ বিভিন্ন বিষয়ে শাহের প্রতিশ্রুতির জবাবে অভিষেক বলেন, দিল্লি, বিহার, রাজস্থান, অসম-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু করছেন না কেন! অভিষেক বলেন, ৭৫৭ দিন আগে টুইট করেছিলাম। ১৪ মার্চ ২০২৪ সালে করেছি। লিখেছিলাম, গত ৫ বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায়? শ্বেতপত্র প্রকাশ করুন। আজও করেনি প্রকাশ। তারা প্রশ্ন তোলে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। যাঁদের ইডি, সিবিআই জেরা করেছে, পরের দিন বিজেপি-তে গেছে, সব ধোওয়া তুলসিপাতা।
অভিষেক অমিত শাহের উদ্দেশে এও বলেন, মহিলাদের ৩ হাজার টাকা করে দেবেন। দিন না। কে নিষেধ করেছে? কেন্দ্রীয় সরকার তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। ইডি, সিবিআই পাঠানোর সময় রাজ্য প্রশাসনকে জানায় না। সরাসরি টাকাও তো দিতে পারেন। এসআইআর-এর পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিজেপি ‘গোহারা’ হারবে বলেও দাবি করেছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ