
পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল (হি.স.): পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিলেন তিনি। শাহর আক্রমণ, ১৫ বছর ধরে বাংলা তৃণমূলের অত্যাচার সহ্য করেছে। অনুপ্রবেশমুক্ত, কাটমানিমুক্ত বাংলা গড়বে বিজেপি। এদিনও অনুপ্রবেশ ইস্যুতে সোচ্চার হন শাহ। প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে ভারত থেকে বের করার পক্ষে আবারও সওয়াল করলেন তিনি। শাহের মন্তব্য, এরা বাংলার চাকরি খাচ্ছে। গুণ্ডাগিরি করছে।
৫ মে-র পরে প্রত্যেক বেকারকে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। দিদিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকবে। ডেবরার সভা থেকে প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কর্মসংস্থান এবং মহিলা নিরাপত্তার বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ডেবরার সভা থেকে তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এ রাজ্যের ছেলে মেয়েদের এ রাজ্যেই চাকরি হবে। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। বলেন, ভাইপো মুখ্যমন্ত্রী হলে কি অনুপ্রবেশ আটকাতে পারবে? দুর্নীতি আটকাতে পারবে? ক্ষমতায় এলে এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে জানান অমিত শাহ। বলেন, মোদীজি ১৫০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, মমতা নষ্ট করেছে। শুক্রবার ডেবরার সভা থেকে বললেন অমিত শাহ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ