
বাঁকুড়া, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একই দিনে দুই শীর্ষ নেতার সফর ঘিরে সরগরম বাঁকুড়া। শনিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে অংশ নেবেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বড়জোড়া কলেজ মাঠে তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ছাতনা ও ওন্দায় পৃথক জনসভা রয়েছে অমিত শাহের।
এছাড়াও বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী বড়জোড়ার প্রার্থী বিল্লেশ্বর সিংহকে সঙ্গে নিয়ে গঙ্গাজলঘাটি থেকে অমরকানন পর্যন্ত রোড শো করবেন বলে জানা গিয়েছে।
দুই শীর্ষ নেতার সফরকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা জোরদার হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে নাকা চেকিং শুরু হয়েছে এবং সভাস্থলগুলিতে একাধিকবার পরিদর্শন করছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে আঁটোসাঁটো।
তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক তথা বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি জানিয়েছেন, শিল্পাঞ্চলের মানুষ মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে উৎসাহী এবং বড় জমায়েতের সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরে সভা শুরু হওয়ার কথা।
অন্যদিকে, ওন্দার রামসাগরে অমিত শাহের সভাস্থল পরিদর্শন করেছেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা ও দলীয় নেতৃত্ব। সভা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, একই দিনে দুই হেভিওয়েট নেতার সভা ঘিরে জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট