
সিওয়ান, ১০ এপ্রিল (হি.স.) : বিহারের সিওয়ানের একটি আদালতে বোমা হামলার হুমকিকে ঘিরে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইমেলের মাধ্যমে আসে এই হুমকি। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। অল্প সময়ের মধ্যেই গোটা আদালত চত্বর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
জেলা ও দায়রা বিচারক মোতীশ কুমার-এর ইমেলে হুমকি বার্তাটি আসে। সেখানে সকাল সাড়ে এগারোটার সময় আদালতে বোমা হামলার কথা বলা হয়। খবর পেয়েই পুলিশ সুপার পুরণ কুমার ঝা এবং জেলাশাসক বিবেক রঞ্জন মৈত্রেয় দ্রুত ব্যবস্থা নেন এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়।
এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আদালত চত্বরের প্রতিটি অংশে তল্লাশি চালায়। গোটা এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
উল্লেখ্য, এর আগেও গত ২৮ জানুয়ারি একইভাবে ইমেলের মাধ্যমে এই আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তখনও তল্লাশিতে কিছুই মেলেনি। বারবার এই ধরনের ভুয়ো হুমকির ঘটনায় প্রশাসনের উদ্বেগ বাড়ছে।
পুলিশ সুপার পুরণ কুমার ঝা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস